চাঁদপুর শহরের হিন্দু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের চার সদস্য হঠাৎ নিখোঁজ হয়েছেন। স্বজনদের দাবি, কাউকে কিছু না জানিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাসা থেকে চলে গেছেন পিন্টু। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পিন্টু দাসের নিকটাত্মীয় এবং চাঁদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে আর্থিক দেনদেনের জটিলতা থেকে পিন্টু দাস নিজেই আত্মগোপনে গিয়ে থাকলে তাকে খুঁজে বের করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পিন্টু দাসসহ তার পরিবারের সদস্যদের নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি সদ্য জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চার সদস্যের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ঋণের চাপ, স্বর্ণ বন্ধক, পাওনাদারদের অভিযোগ এবং হুমকির বিষয়গুলো সামনে আসায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে পিন্টু দাস ও তার পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version