বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেলে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
নিহত নারী হলেন বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদের ডাকবাংলোয় খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। নিহত দুই শিশুই তাঁর কন্যাসন্তান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা তৃতীয় তলার পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে প্রায় ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে। পরে পাশের আরেকটি কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় দুই বছর বয়সী অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে বরগুনা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিমও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানিয়েছেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

