নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ১ জুলাই ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত চেকার মো. রফিকুল ইসলামের মোবাইলে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। এ সময় ডিপোর কর্মীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো ও খুন-জখমের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সময় ফোন করেও একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে ফের ২০ লাখ টাকা এককালীন এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলে অভিযোগ।
এ ছাড়া চাঁদা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।


