কক্সবাজারের বঙ্গোপসাগরে নৌযানডুবির ঘটনায় নিউজিল্যান্ডের এক পরিবারের ১৬ বছর বয়সী কিশোর অ্যালবার্ট নিখোঁজ হয়েছে। দুর্ঘটনার পর তার বাবা, মা ও ১৩ বছর বয়সী বোনকে আশপাশে থাকা অন্য নৌযানের লোকজন জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কামাল উদ্দিন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, বিদেশি নাগরিকদের বহনকারী দুটি জোড়া লাগানো নৌযান তীব্র ঢেউয়ের কবলে পড়ে সাগরে উল্টে যাচ্ছে। নৌযান দুটিতে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী ছিলেন।

৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর বিষয়টি কক্সবাজার কোস্ট গার্ডের কন্ট্রোল রুম ও নৌ পুলিশকে জানানো হয়। পরে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর আগেই আশপাশের নৌযানে থাকা লোকজন দুর্ঘটনাকবলিত নৌযান থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। এ সময় ১৬ বছরের অ্যালবার্টকে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, অ্যালবার্ট তার বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং ১৩ বছর বয়সী বোন রালফকে সঙ্গে নিয়ে নিজেদের তৈরি জোড়া নৌযানে বঙ্গোপসাগরে ঘুরছিল। একপর্যায়ে নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনা এলাকায় সাগরে তীব্র ঢেউ সৃষ্টি হলে নৌযানটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং পরে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া তিনজনকে নিজেদের হেফাজতে নেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিখোঁজ অ্যালবার্টের সন্ধানে সাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। তাকে জীবিত উদ্ধারের আশায় সম্ভাব্য এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version