কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকালে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা।
সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী তোতা। এ সময় জলিল নামে এক ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। আকস্মিক হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত জলিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের দাবি, মাদককেন্দ্রিক নানা অপরাধের পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী তোতার হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে চর হরিকেশ এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।


