গাজীপুরে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ বাসার কক্ষ থেকে সোমবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পূজা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান পূজা। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ভেতরে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

তাকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান ছিল না।

পূবাইল থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version