দিনাজপুরে কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তার মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক এবং বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য।

একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং মামলার আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে রোববার রাতে কোতোয়ালি থানায় যান সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। সে সময় তিনি সিভিল পোশাকে ছিলেন।

একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করতে সেখানে যান মজিবর রহমান। ওসি থানায় না থাকায় ওসির কক্ষের সামনে নওয়াবুর রহমানের কাছে তাঁর অবস্থান জানতে চান মজিবর। এ সময় নওয়াবুর নিজেকে কোতোয়ালি থানার পুলিশ সদস্য নন, সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় মজিবরের সঙ্গে থাকা এক ব্যক্তি নওয়াবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে মজিবর রহমান সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে নওয়াবুরের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। একই সঙ্গে তাঁকে হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবর রহমানকে আটক করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী বলেন, থানায় মামলার তদন্তের কাজে আসা সিআইডির পুলিশ পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমানকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন।

ওসি জানান, মামলায় মজিবর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version