দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের বারবার নির্দেশ উপেক্ষা করে পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই তিন কর্মকর্তা কোনো ধরনের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা যোগ দেননি। বরং দীর্ঘ সময় ধরে তারা পলাতক অবস্থায় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়। তদন্ত ও বিধি অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের চাকরি থেকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version