পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় প্রদেশ বলোচিস্তানে বিভিন্ন অঞ্চলে একাধিক সমন্বিত সশস্ত্র হামলায় দেশটির সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব হামলায় আরও বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সশস্ত্র হামলাকারীরা পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকি, টহল দল এবং যানবাহনকে লক্ষ্য করে হামলা চালায়। কয়েকটি স্থানে আধুনিক অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করা হয়, যার ফলে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার পরপরই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং জঙ্গিদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত নিকটস্থ সামরিক ও বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করা হবে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী ও অস্থিতিশীল এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সেনা ও পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।


