সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

সাবেক মন্ত্রীর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। যদিও আবেদনে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে কারাগার থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।

আবেদনটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের কাছে জমা দেওয়া হয়। পরে বিষয়টি বিবেচনা করে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়। এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক দিক বিবেচনা করে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে চার দিনের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার প্যারোলের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। আগামীকাল সকাল ৬টায় তিনি কারাগার থেকে বের হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন।

Share.
Leave A Reply

Exit mobile version