ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটির দাবি, বৃষ্টি ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকার গুহলক্ষ্মীপুরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টিকে তার নিজ বসতবাড়ির সামনের গলি থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারের পর বৃষ্টিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরীন আক্তার জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার ঠেকাতে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর জোর দিচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Share.
Leave A Reply

Exit mobile version