৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট, নওগাঁয় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আনুমানিক ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

প্রতিদিনের মতো সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অলিফ। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার কাছে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অলিফ চন্দ্র দত্ত হিন্দু সম্প্রদায়ের একজন স্বর্ণ ব্যবসায়ী। তার এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এটি শুধুই ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় ঘটনাটির নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version