পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানে পৃথক দুটি হামলায় ২৫ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত এবং তিনটি সামরিক যান ধ্বংসের দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএলএর মুখপাত্র জিয়ন্দ বেলুচ দাবি করেন, জিয়ারাত ক্রস এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।

বহরে থাকা চারটি সামরিক যানের মধ্যে একটি সামরিক ট্রাকসহ দুটি যান হামলায় ধ্বংস হয়। এতে ১৮ জন পাকিস্তানি সেনা নিহত হন। আহত আরও পাঁচ সেনা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেছে সংগঠনটি। হামলার পর সামরিক বহর থেকে অস্ত্রও জব্দ করা হয়।

সংগঠনটি জানিয়েছে, তাদের ‘ফাতেহ স্কোয়াড’ ওই হামলায় অংশ নেয়। হামলার দাবির পক্ষে বিএলএর প্রচারমাধ্যম ‘হাক্কাল’-এ ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলার প্রকাশ করা হয়েছে। ভিডিওতে জ্বলন্ত সামরিক যান, ঘটনাস্থলের আশপাশে সশস্ত্র ব্যক্তিদের এবং কিছু অস্ত্র দেখা যায় বলে জানিয়েছে সংগঠনটি। ওই হামলার পূর্ণাঙ্গ ভিডিও পরে প্রকাশ করা হবে।

এদিকে সুরাবের হাজিকা এলাকায় পৃথক আরেকটি হামলারও দাবি করেছে বিএলএ। সংগঠনটির ভাষ্য, একটি সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই গাড়ি ব্যবহার করে হামলা চালায় তাদের ‘স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড’ (এসটিওএস)। দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে চালানো ওই হামলায় সাতজন সামরিক সদস্য নিহত এবং একটি সামরিক যান ধ্বংস হয়েছে।

সব মিলিয়ে দুই হামলায় ২৫ পাকিস্তানি সামরিক সদস্য নিহত এবং তিনটি সামরিক যান ধ্বংসের দাবি করেছে বিএলএ। সংগঠনটি জানিয়েছে, হামলা দুটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য তাদের পরবর্তী সাপ্তাহিক বিবৃতিতে প্রকাশ করা হবে।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version