আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এবার নতুন এক ‘কৌশল’ দেখাল পাকিস্তান- বাস্তব ছবিতে জায়গা না মিললেও ফটোশপে ঠিকই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বানানো হলো কেন্দ্রের তারকা!

কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে বিশ্বনেতাদের যৌথ ছবি প্রকাশের পর এমনই এক কাণ্ড নিয়ে তুমুল হাস্যরস শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্মেলনের মূল ছবিতে শাহবাজ শরিফ ছিলেন ডানদিক থেকে চতুর্থ অবস্থানে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দুই পাশের বেশ কয়েকজন নেতাকে এমনভাবে ‘কেটে-ছেঁটে’ বাদ দেওয়া হয় যে শাহবাজ শরিফকে দেখাচ্ছিল প্রায় মাঝখানে।

আর বাদ পড়াদের তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ আরও কয়েকজন বিশ্বনেতা।

কিন্তু বিপত্তি বাধে যখন মোদি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ছবিটি প্রকাশ করেন। তখন ফটোশপের ‘জাদু’ আর আসল ছবির বাস্তবতা পাশাপাশি দাঁড়িয়ে যায়।

ফলে নেটিজেনদের প্রশ্ন- এসসিওর ছবি, নাকি পাকিস্তানের ‘শাহবাজ শরিফ সেন্টার ফটোশুট’?

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ঘটনাটিকে বলছেন ‘ফটোশপ কূটনীতি’, কেউ আবার রসিকতা করে বলছেন, বাস্তবে কেন্দ্র পাওয়া কঠিন হলে ছবিতে তো আর সমস্যা নেই!

সমালোচনা ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও পরে পূর্ণাঙ্গ মূল ছবিটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তবে ততক্ষণে সম্পাদিত ছবিটি অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

আন্তর্জাতিক সম্মেলনের ছবিতে কে কোথায় দাঁড়িয়েছেন- এটি হয়তো কূটনীতির বড় কোনো বিষয় নয়। কিন্তু একজন নেতাকে ‘কেন্দ্রে’ দেখাতে অন্য নেতাদের ছবির বাইরে পাঠিয়ে দেওয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এখন কূটনীতির পাশাপাশি ফটোশপ নিয়েও আলোচনার কেন্দ্রে।

Share.
Leave A Reply

Exit mobile version