পুনর্গঠন, দেশে ফেরার প্রস্তুতি ও নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হন। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে বৈঠকটি ভারতের নয়াদিল্লিতে সরাসরি আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করে ভার্চ্যুয়াল করা হয়। ফলে ভারত ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলীয় নেতাদের অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। দিল্লিতে থাকা কয়েকজন নেতা সরাসরি বৈঠকে অংশ নিলেও কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা অনলাইনে যুক্ত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে দলটির ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নেতারা মতামত দেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দেশে ফেরার পরিকল্পনা সামনে রেখে পুনর্গঠনের আলোচনা

দলীয় সূত্রের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং সম্ভাব্য আইনি প্রক্রিয়ার বিষয়টি সামনে রেখে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে পুনর্গঠনের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এর আগে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে হাজির হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন- এমন বক্তব্যের খবরও প্রকাশিত হয়েছে।

বৈঠকে দলের ভবিষ্যৎ নেতৃত্ব, কেন্দ্রীয় কাঠামোয় পরিবর্তন এবং নতুন নেতৃত্ব অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বে নতুন তিনজনকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে তাঁদের নাম বা পদ সম্পর্কে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা উঠে আসে। পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরও দুই নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বে আনার বিষয়েও আলোচনা রয়েছে বলে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

যুবলীগের কর্মসূচিতে একাত্মতার ঘোষণা

বৈঠক সূত্রের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঘোষিত কর্মসূচির প্রতিও আওয়ামী লীগ একাত্মতা প্রকাশ করেছে। দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সমন্বয় রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

তবে এসব বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত বা লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে দলীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৈঠকের আলোচ্য বিষয়গুলো জানা যাচ্ছে।

নিষেধাজ্ঞার মধ্যে সাংগঠনিক তৎপরতা

২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র গণঅভ্যুত্থানে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছাড়েন এবং ভারতে অবস্থান করছেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এর মধ্যেই দলটির কেন্দ্রীয় নেতৃত্বের এ বৈঠক অনুষ্ঠিত হলো। একই সময়ে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা জোরদার হয়েছে।

দলীয় সূত্রের দাবি, বৈঠকের মূল লক্ষ্য ছিল বর্তমান রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা, সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ। নতুন নেতৃত্ব অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত হলে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে তা জানানো হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version