হিমালয়ের নিস্তব্ধ তীরে একদিন যে জ্ঞানের বীজ রোপিত হয়েছিল, আজ তা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে। প্রাচীন ভারতের আধ্যাত্মিক সাধনা যোগ এখন আর শুধু ঋষি-মুনিদের ধ্যানচর্চার বিষয় নয়; এটি পরিণত হয়েছে আধুনিক বিশ্বের অন্যতম জনপ্রিয় জীবনধারা, স্বাস্থ্যচর্চা এবং বিলিয়ন ডলারের বৈশ্বিক শিল্পে।
সিন্ধু সভ্যতার প্রত্ননিদর্শন থেকে শুরু করে আজকের ইনস্টাগ্রাম রিলস—যোগের এই দীর্ঘ যাত্রা যেন মানবসভ্যতার ইতিহাসেরই এক অনন্য অধ্যায়।
ভারতীয় ঐতিহ্য অনুযায়ী, মহাদেব শিব ছিলেন বিশ্বের প্রথম যোগগুরু বা ‘আদিযোগী’। বিশ্বাস করা হয়, হিমালয়ের কান্তিসরোবর হ্রদের তীরে তিনি যোগের গভীরতম জ্ঞান প্রথম সাতজন ঋষি বা সপ্তর্ষির কাছে প্রদান করেন।
এই সপ্তর্ষিরাই পরবর্তীতে এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে যোগের জ্ঞান ছড়িয়ে দেন। সেই থেকেই যোগ কেবল একটি অনুশীলন নয়, বরং মানবজীবনের আত্মিক ও মানসিক বিকাশের এক শক্তিশালী দর্শনে পরিণত হয়।
যোগের ইতিহাস শুধু পুরাণ বা কাহিনিতে সীমাবদ্ধ নয়। ইতিহাসবিদদের মতে, সিন্ধু-সরস্বতী সভ্যতার খননকার্যে আবিষ্কৃত বিভিন্ন সিলমোহর ও মূর্তিতে যোগাসনের অনুরূপ ভঙ্গির চিত্র পাওয়া গেছে।
বিশেষ করে বিখ্যাত ‘পশুপতি সিলমোহর’ অনেক গবেষকের কাছে প্রাচীন যোগচর্চার অন্যতম প্রমাণ হিসেবে বিবেচিত। অর্থাৎ, আজ থেকে কয়েক হাজার বছর আগেও ভারতীয় উপমহাদেশে যোগের প্রচলন ছিল।
মানবসভ্যতার অন্যতম প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে প্রথম ‘যোগ’ শব্দের লিখিত উল্লেখ পাওয়া যায়। তবে তখন যোগ মূলত শারীরিক ব্যায়াম নয়, বরং মন, ইন্দ্রিয় এবং আত্মাকে নিয়ন্ত্রণ করে দিব্য শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ার প্রতীকী ধারণা ছিল।
পরবর্তীতে অথর্ববেদে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ বা প্রাণায়ামের প্রাথমিক ধারণার উল্লেখ পাওয়া যায়। আর উপনিষদে যোগের আধ্যাত্মিক দর্শন আরও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়।
কঠোপনিষদে বলা হয়েছে, মন ও পঞ্চ ইন্দ্রিয়কে স্থির রাখার নামই যোগ। অন্যদিকে শ্বেতাশ্বেতর উপনিষদে ধ্যান, আসন এবং আধ্যাত্মিক উন্নতির বিস্তারিত বর্ণনা রয়েছে।
যোগের বিশাল জ্ঞানভাণ্ডারকে সুসংগঠিত ও বিজ্ঞানসম্মত কাঠামোয় রূপ দেন মহর্ষি পতঞ্জলি।
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রচিত তাঁর বিখ্যাত গ্রন্থ ‘যোগসূত্র’ আজও যোগ দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।
তাঁর মতে, যোগের মূল উদ্দেশ্য হলো মানুষের মনের অস্থিরতা দূর করে চূড়ান্ত প্রশান্তি ও মুক্তি অর্জন করা।
মধ্যযুগে হঠযোগের বিকাশ ঘটে, যা শরীর ও প্রাণশক্তির শুদ্ধিকরণের ওপর জোর দেয়। এই ধারাই পরবর্তীতে আধুনিক যোগব্যায়ামের ভিত্তি গড়ে তোলে।
বিশ শতকে স্বামী বিবেকানন্দ, পরমহংস যোগানন্দ, বি.কে.এস. আয়েঙ্গারসহ বহু যোগগুরুর প্রচেষ্টায় যোগ পশ্চিমা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
ধীরে ধীরে যোগ ধর্মীয় সীমারেখা অতিক্রম করে একটি সার্বজনীন স্বাস্থ্যচর্চায় পরিণত হয়।
২০১৪ সালে জাতিসংঘ ‘আন্তর্জাতিক যোগ দিবস’ ঘোষণা করার পর যোগের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছে যায়।
বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই কোটি কোটি মানুষ নিয়মিত যোগচর্চা করেন। মানসিক চাপ কমানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ঘুমের উন্নতি এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যোগকে বিজ্ঞানসম্মত ও কার্যকর পদ্ধতি হিসেবে দেখা হচ্ছে।
একসময় যে যোগচর্চা সীমাবদ্ধ ছিল আশ্রম ও নির্জন সাধনায়, আজ তা সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন্ড।
ইনস্টাগ্রাম, ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন লাখ লাখ মানুষ যোগাসনের ভিডিও দেখছেন, শিখছেন এবং শেয়ার করছেন। অনলাইন ক্লাস, মোবাইল অ্যাপ, ভার্চুয়াল প্রশিক্ষণ এবং ফিটনেস ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যোগ পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে।
আজ যোগ কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি একটি বিশাল বৈশ্বিক অর্থনীতির অংশ।
বিশেষ যোগ পোশাক, উন্নতমানের যোগম্যাট, স্মার্ট গ্যাজেট, স্বাস্থ্য অ্যাপ, কর্পোরেট ওয়েলনেস প্রোগ্রাম এবং বিলাসবহুল যোগ রিট্রিটকে ঘিরে গড়ে উঠেছে বহু বিলিয়ন ডলারের শিল্প।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে যোগ এখন একটি শক্তিশালী ব্যবসায়িক খাত এবং আধুনিক জীবনধারার প্রতীক।
সিন্ধু সভ্যতার সিলমোহর, ঋগ্বেদের মন্ত্র, শিব ও সপ্তর্ষির কিংবদন্তি, পতঞ্জলির দর্শন এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে যোগ আজ মানবজাতির এক অমূল্য সম্পদ।
হাজার বছরের পথচলায় যোগ প্রমাণ করেছে এটি কেবল শরীরচর্চা নয়, বরং মন, আত্মা ও জীবনের ভারসাম্য খুঁজে পাওয়ার এক চিরন্তন অনুসন্ধান। আর সেই কারণেই হিমালয়ের ধ্যানগুহা থেকে শুরু হওয়া এই যাত্রা আজ পৌঁছে গেছে স্মার্টফোনের পর্দা, ইনস্টাগ্রামের ফিড এবং বিশ্বের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে।


