বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো স্বীকার করেছেন, বর্তমান সময়ে দল হিসেবে আর্জেন্টিনা ও ফ্রান্সের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে ব্রাজিল।

দানিলো বলেন, প্রথম ম্যাচের ফলাফল হতাশাজনক ছিল, কারণ সমর্থকরা দলের কাছ থেকে বড় ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী খেলা না হওয়ায় খেলোয়াড়দের মধ্যেও হতাশা কাজ করেছে। তবে তিনি মনে করেন, পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে দলকে। তার মতে, মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিল কৌশলগত ও মানসিক-উভয় দিক থেকেই ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তাই সামনে এগোতে হলে দলকে নিজেদের ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতে হবে।

অভিজ্ঞ এই ডিফেন্ডার আরও বলেন, আর্জেন্টিনা ও ফ্রান্স বর্তমানে একটি পরিপক্ব ও সুসংগঠিত দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেই জায়গায় পৌঁছাতে ব্রাজিলের এখনও কিছুটা পথ বাকি। তবে এর অর্থ এই নয় যে ব্রাজিল ভালো খেলতে পারবে না বা শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়বে। দানিলোর বিশ্বাস, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ব্রাজিল যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে এবং বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে।

একই সঙ্গে ব্রাজিলের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার তারকা যোগ করার স্বপ্নও ব্যক্ত করেছেন তিনি। দানিলো বলেন, দেশের হয়ে আরেকটি বিশ্বকাপ জেতা এবং জার্সিতে নতুন একটি তারকা যোগ করতে পারা হবে অসাধারণ এক অর্জন।এখন দেখার বিষয়, হাইতির বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান নতুন করে জোরালো করতে পারে কি না ব্রাজিল। সমর্থকদের প্রত্যাশাও সেদিকেই।

Share.
Leave A Reply

Exit mobile version