কথিত জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ‘ছোট নিশান’ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

আটকের পর তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। র‍্যাবের দাবি, উদ্ধার করা পিস্তল ও গুলিগুলো জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলির অংশ।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলেও জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, উদ্ধার করা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version