কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের চার দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে চারজন ধর্ষণ করেন বলে পরিবারের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার ভোররাত আড়াইটার দিকে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তরুণী ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফকিরাবাদ বকশীপাড়া থেকে বাড়ি ফেরার পথে গোপালনগর এলাকায় একটি মোটরসাইকেল তার পথরোধ করে। পরে তাকে তুলে নিয়ে একটি নির্জন ও পরিত্যক্ত স্থানে নেওয়া হয়। সেখানে চারজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। রাত ১২টার দিকে তাকে বকশীপাড়া এলাকায় ফেলে রেখে অভিযুক্তরা চলে যায়।
রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত তরুণীর মা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে পরিবারের দাবি, প্রায় দেড় মাস আগে তরুণীর স্বামী আবু বক্করের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। পরিবারের সন্দেহ, অপহরণ ও ধর্ষণের ঘটনায় তার সাবেক স্বামীর সংশ্লিষ্টতা থাকতে পারে। এ অভিযোগের পর পুলিশ আবু বক্করকে আটক করেছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা, ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ধর্ষণের পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।


