চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড় এলাকার এস এস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে সাহেদ বকসকে গ্রেপ্তার করা হয়।
ক্লাবে ঢুকে তার বিশৃঙ্খল আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পরিদর্শক ইকবাল হোসেন আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাহেদ বকসকে শনিবার (৯ আগস্ট) দুপুরে আদালতে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ক্লাবের ভেতরে সাহেদ বকসের মাতলামি ও বিশৃঙ্খলার ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। একজন রাজনৈতিক নেতার এমন আচরণের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে সমালোচনাও চলছে।


