চট্টগ্রামের উত্তর আগ্রাবাদে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমান তিন মেয়ের জনক। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন। অপর মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।
সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। সে সময় তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি তুলনামূলক চুপচাপ থাকতেন বলে জানান সহকর্মীরা।
বৈঠক শেষে বাসায় ফিরে তিনি নিজের কক্ষে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পরও দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে এর কোনো কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, ‘এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মরদেহের ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


