নেত্রকোনার সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও ১০ বছরের শিশু কুলসুমা আক্তারের সন্ধান মেলেনি। প্রিয় সন্তানকে ফিরে পেতে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন। এদিকে শিশুটির নিখোঁজের ঘটনায় নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশও তাকে উদ্ধারে তদন্ত শুরু করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে বের হওয়ার পর কুলসুমা নিখোঁজ হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলসুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার বর্শিকুড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও রাজিয়া আক্তার দম্পতির মেয়ে। সে মঈনপুর এলাকায় ভাড়া বাসায় থাকা বড় বোন পলি আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানিয়ে সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
কুলসুমার বড় বোন ডলি আক্তার বলেন, “আমার আম্মা ঢাকায় থাকেন। ছোট বোন পলির মঈনপুরের ভাড়া বাসায় শুক্রবার বেড়াতে এসেছিল কুলসুমা। বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো সন্ধান নেই। আমরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু তাকে পাইনি। থানায় জিডি করেছি। চার দিন হয়ে গেলেও কুলসুমার সন্ধান না পাওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন।”
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কুলসুমাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে।”
চার দিন ধরে মেয়েটির সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। দ্রুত কুলসুমাকে খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।


