কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সরাসরি সহায়তায় মস্তিষ্কে অস্ত্রোপচার করে সফলভাবে টিউমার অপসারণের দাবি করেছে যুক্তরাজ্যের চিকিৎসকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের (UCLH) চিকিৎসকরা এই অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচারের রোগী বেডফোর্ডশায়ারের দুই সন্তানের বাবা রিস হিববার্ট। চিকিৎসকদের মতে, সময়মতো অস্ত্রোপচার না হলে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারতেন।

অস্ত্রোপচারের সময় এআই প্রযুক্তি সরাসরি ভিডিও বিশ্লেষণ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালী ও স্নায়ু শনাক্ত করে। পাশাপাশি টিউমার অপসারণের তুলনামূলক নিরাপদ এলাকাও চিহ্নিত করে চিকিৎসকদের সহায়তা দেয়।

গবেষকরা পিটুইটারি টিউমার অপসারণের শত শত অস্ত্রোপচারের ভিডিও দিয়ে এআই ব্যবস্থাটিকে প্রশিক্ষণ দিয়েছেন। অধ্যাপক হানি মার্কাস বলেন, এটি একজন বিশেষজ্ঞের ‘দ্বিতীয় একজোড়া চোখের’ মতো কাজ করতে পারে।

তবে অস্ত্রোপচারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিকিৎসকদের হাতেই ছিল। এআই কেবল পরামর্শ ও তথ্য দিয়ে সহায়তা করেছে।

অস্ত্রোপচারের পর হিববার্ট জানান, তার দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আগে ভোগা বিভিন্ন শারীরিক সমস্যাও কমে গেছে। তার ভাষায়, ‘এটি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে।’

গবেষকরা বলছেন, ভবিষ্যতে অস্ত্রোপচারের সময় এআইকে একজন অতিরিক্ত বিশেষজ্ঞের মতো ব্যবহার করা সম্ভব হতে পারে। এখন প্রযুক্তিটির আরও বড় পরিসরে পরীক্ষামূলক প্রয়োগের প্রস্তুতি চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version