ঝালকাঠিতে জন্মাষ্টমী উদ্যাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক ও পূজা উদ্যাপন পরিষদের নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক অলোক সাহা।
অলোক সাহা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে আখড়াবাড়ি মন্দিরে প্রস্তুতি সভা চলছিল। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করছিলেন অলোক সাহা। এ সময় হঠাৎ করে চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর সেখানে এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক অলোক সাহা বলেন, ‘আমার সঞ্চালনার দায়িত্ব ছিল। এ সময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর এসে কোনো কথা না বলেই আমার ওপর অতর্কিত হামলা চালান।’
অভিযুক্ত চন্দন পোদ্দার ঝালকাঠি সদর বিএনপির সহসভাপতি এবং বিষ্ণু চন্দ্র ধর শহর বিএনপির সহসভাপতি।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার অভিযোগ করে বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে অলোক সাহাকে হুমকি দেওয়া হয়েছিল। তাঁর দাবি, পূর্বপরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে। তিনি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এদিকে মন্দির সূত্রে জানা গেছে, কালিবাড়ি মন্দিরের জমি ও কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছে। এরই মধ্যে কিছুদিন আগে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছিল।


