বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয়দের দাবি, মারুফ জামায়াতের কর্মী এবং দলটির বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে নিয়মিত দেখা যেত। তবে উপজেলা জামায়াতের নেতারা তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মারুফ হাসান চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে শাজাহানপুর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবর পেয়ে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার দিনও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।
এদিকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে মারুফ আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এসআই আব্দুল কুদ্দুস।


