নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার আসামিরা নেত্রকোণার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিনও রয়েছেন।

মামলার নথি ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গত মে মাসে পূর্বধলায় কোরবানির পশুর হাটের নিলামকে কেন্দ্র করে যুবদল ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল ভাঙচুরসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার আসামিরা পরবর্তী সময়ে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে বুধবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share.
Leave A Reply

Exit mobile version