ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ইনামুল মোল্লা (২৬) বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি ইনামুলের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়টি উভয় পরিবারসহ স্থানীয় বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ইনামুল মোল্লা বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত। তার কর্মস্থলের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর স্বামী বিদেশ থেকে তাকে ফোন করে স্ত্রীর সঙ্গে ইনামুলের সম্পর্কের অভিযোগের কথা জানান। তবে বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না বলে তাকে জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়টি সামনে আসার পর দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version