২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে। সামনে রয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং মহারণ ফাইনাল। আর এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস। বিশ্বকাপের শেষ চার ম্যাচে ব্যবহারের জন্য আনা এই বিশেষ বলের নাম ‘ট্রিওন্ডা ফাইনাল’।

গত বছরের অক্টোবরে প্রকাশিত মূল ‘ট্রিওন্ডা’ বলের উন্নত ও বিশেষ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে ‘ট্রিওন্ডা ফাইনাল’। প্রযুক্তিগত বৈশিষ্ট্যে আগের বলের ধারাবাহিকতা বজায় রাখা হলেও এর নকশা ও উপস্থাপনায় আনা হয়েছে নতুনত্ব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের গুরুত্ব ও মর্যাদাকে তুলে ধরতেই বলটিকে দেওয়া হয়েছে আলাদা রঙ, গ্রাফিক্স এবং প্রতীকী উপস্থাপনা।

নতুন বলটির নকশায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন, সংগ্রাম এবং গৌরবময় যাত্রার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ভিত্তির ওপর সোনালি অলংকরণে বিশ্বকাপ ট্রফির প্রতীকী চিত্র সংযোজন করা হয়েছে, যা বলটিকে দিয়েছে রাজকীয় ও দৃষ্টিনন্দন এক আবহ। ফুটবলের সর্বোচ্চ আসরের শেষ মুহূর্তগুলোর আবেগ ও মর্যাদা যেন বলটির প্রতিটি নকশায় প্রতিফলিত হয়েছে।

বিশ্বকাপের আয়োজক তিন দেশ-ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকো -এর ঐক্য ও সহযোগিতার বার্তাও বহন করছে এই বল। ‘ট্রিওন্ডা ফাইনাল’-এ স্থান পেয়েছে ২০২৬ বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের নাম। বিশেষভাবে হাইলাইট করা হয়েছে শেষ চার ম্যাচের ভেন্যু হিসেবে নির্বাচিত দালাস, আটলান্তা, মিয়ামী এবং নিউ ইয়র্ক সিটি অঞ্চলের নাম।

এছাড়া বলটির ত্রিভুজাকৃতির বিশেষ গ্রাফিক নকশায় যুক্ত করা হয়েছে অন্যান্য স্বাগতিক শহরগুলোর নামও। এর মধ্যে রয়েছে বোস্টোন, গাদালাজারা, হাউস্টোন, ক্যানসাস সিটি, লস এঞ্জেলস, মেক্সিকো সিটি, মন্টেরেই, ফিল্যাডেলফিয়া, সান ফ্রান্সিস্কো বেই এরিয়া, শেয়াটল, টরন্টো এবং ভ্যানকোভার।

নতুন বল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গিয়ান্নি ইনফ্যান্তিনো। তিনি বলেন, “বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। পুরো টুর্নামেন্টজুড়ে ট্রিওন্ডা অসংখ্য স্মরণীয় মুহূর্তের অংশ হয়েছে। নতুন এই সংস্করণ তিন স্বাগতিক দেশের ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের প্রতি অগাধ ভালোবাসার প্রতীক। বিশ্বের সেরা খেলোয়াড়দের পায়ে এই বলই বিশ্বকাপের শেষ অধ্যায়ের ইতিহাস রচনা করবে।”

শুধু নান্দনিকতাই নয়, প্রযুক্তিগত দিক থেকেও ‘ট্রিওন্ডা ফাইনাল’ আধুনিক ফুটবলের সর্বাধুনিক উদ্ভাবনের প্রতিফলন। বলটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘কানেক্টেড বল টেকনোলজি’, যা বলের প্রতিটি স্পর্শ ও গতিবিধির তথ্য তাৎক্ষণিকভাবে ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়। এই প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে, ফলে অফসাইড, হ্যান্ডবল কিংবা বল স্পর্শসংক্রান্ত জটিল সিদ্ধান্ত দ্রুত ও আরও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হয়।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াই যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে নতুন অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের শেষ চার ম্যাচে এই বলই হতে যাচ্ছে গোল, গৌরব, নাটকীয়তা এবং নতুন ইতিহাসের নীরব সাক্ষী।

Share.
Leave A Reply

Exit mobile version