ফেনীর ছাগলনাইয়ায় বাবা হওয়ার মাত্র তিন দিনের মাথায় আবদুল হালিম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্ত্রী তখনও হাসপাতালে, কোলে সদ্যোজাত সন্তান- অন্যদিকে চিকিৎসার খরচ ও পরিবারকে বাড়ি ফিরিয়ে আনার অর্থ জোগাড়ের দুশ্চিন্তায় ছিলেন তিনি। সোমবার সকালে রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুল হালিম ওই এলাকার আমির হোসেনের ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, তিন দিন আগে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে হালিমের স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্ত্রী ও নবজাতককে হাসপাতালে রেখেই রোববার রাতে বাড়ি ফেরেন হালিম।
পরিবারের ভাষ্য, স্ত্রী ও সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনার মতো অর্থ তার হাতে ছিল না। চিকিৎসার বকেয়া খরচ, সংসারের আর্থিক সংকট এবং ঋণের চাপ নিয়েও তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।
সোমবার সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। পরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, আর্থিক সংকট ও মানসিক চাপের কারণে হালিমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


