নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় যখন মানুষের জীবন রক্ষায় চলছে মরিয়া উদ্ধার অভিযান, তখন সেই দুর্যোগের মধ্যেই মৃত এক নারীর মরদেহ থেকেও স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, পানির মধ্যে কাঠের তক্তা ও নারীর চুল ধরে একটি মরদেহ টেনে তোলা হচ্ছে। এরপর ওই নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন দুই ব্যক্তি। ঘটনাস্থলের আশপাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে এবং কেউ কেউ পুরো ঘটনাটি ভিডিও ধারণ করতে দেখা যায়।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর নেপাল পুলিশ সেটি পুনরায় প্রকাশ করে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের উদ্যোগ নেয়। তদন্তে নিশ্চিত হওয়া যায়, ভয়াবহ বন্যার সময় নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক নারীর মরদেহকে ঘিরেই এই ঘটনা ঘটে।

ভিডিও বিশ্লেষণ করে ২৫ বছর বয়সী মদন গুরুং ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। নেপালের সংবাদমাধ্যম খবরহাবকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। দুর্যোগে স্বজন হারানো মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে মৃতদেহের গহনা লুটের অভিযোগকে অনেকেই চরম অমানবিকতা ও নৈতিক অবক্ষয়ের নজির হিসেবে দেখছেন।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগের এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ লুটপাট কিংবা তাদের মরদেহকে ঘিরে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version