নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল মিস নিশ্চিত, সেমিফাইনালেও খেলতে পারবেন না; রিস জেমসের ইনজুরিতে টুখেলের দুশ্চিন্তা আরও বেড়েছে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার কারণে ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী সোমবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল তো বটেই, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচেও মাঠে নামতে পারবেন না বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডার।
কোয়ানসার নিষেধাজ্ঞা ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলের জন্য নতুন করে রক্ষণভাগের সংকট তৈরি করেছে। বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে দলের বিকল্পের অভাব এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চেলসির অধিনায়ক রিস জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টানা তিনটি ম্যাচে মাঠের বাইরে রয়েছেন। ইংল্যান্ড দলে তিনিই একমাত্র স্বীকৃত রাইট-ব্যাক। তার অনুপস্থিতিতে জেড স্পেনস ও জ্যারেল কোয়ানসাকে ওই পজিশনে খেলানো হলেও কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি।
এরই মধ্যে গত বুধবার দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি রিস জেমস। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও তার খেলার সম্ভাবনা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের শেষ আধা ঘণ্টায় বাধ্য হয়ে সেন্টার-ব্যাক এজরি কোন্সাকে রাইট-ব্যাক হিসেবে খেলাতে হয়েছিল টুখেলকে।
ইংল্যান্ড শিবিরে এখন আশা, কোয়ানসার নিষেধাজ্ঞা কমানোর কোনো সুযোগ পাওয়া যেতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান-এর নিষেধাজ্ঞা ফিফা সাময়িকভাবে স্থগিত করার ঘটনার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কোয়ানসার ক্ষেত্রেও আপিলের সম্ভাবনা খতিয়ে দেখছে।
তবে আপিল সফল না হলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রক্ষণভাগ সাজানো টুখেলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে একদিকে রিস জেমসের ইনজুরি, অন্যদিকে কোয়ানসার নিষেধাজ্ঞা-দুই মিলিয়ে ইংল্যান্ডের ডিফেন্সে এখন স্পষ্ট অস্থিরতা তৈরি হয়েছে।


