ভারতের মানচিত্রে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখিয়ে প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারত ও আফগানিস্তানের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজকে সামনে রেখে প্রকাশিত ওই ভিডিও ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।
আগামী ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হচ্ছে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে রোববার এসিবির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির মানচিত্রে পিওকে ও গিলগিট-বালতিস্তানকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে সিএনএন-নিউজ১৮। ইসলামাবাদ চাইলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তুলতে পারে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, ভিডিওটি প্রকাশের সময় ও প্রেক্ষাপটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনাও নতুন করে সামনে এসেছে। বিশেষ করে কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ তিক্ত হয়ে উঠেছে।
সীমান্ত সংঘর্ষ, বিমান হামলা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় পাচ্ছে। পাকিস্তানের বিভিন্ন প্রাণঘাতী হামলার জন্যও ইসলামাবাদ টিটিপিকে দায়ী করে আসছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রোমো ভিডিওর সঙ্গে সিরিজের গুরুত্ব তুলে ধরে একটি বার্তাও প্রকাশ করেছে এসিবি। সেখানে ভারত ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক, ইতিহাস, সংস্কৃতি এবং ক্রিকেটের প্রতি দুই দেশের মানুষের আবেগের কথা তুলে ধরা হয়েছে।
এসিবির পোস্টে বলা হয়, ‘একটি সিরিজ যা আবারও দুটি দেশকে একসঙ্গে নিয়ে আসবে।’ একই সঙ্গে ম্যাচগুলোকে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও ক্রিকেটপ্রেমের মিলনস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, ‘এগুলো শুধু ম্যাচ নয়। এগুলো আবেগ, উত্তেজনা আর গুরুত্বের মুহূর্ত, যেখানে আফগানআতালান মাঠে নামবে দেশের কোটি মানুষের আশা আর গর্ব নিয়ে।’
আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রিকেট সিরিজ শুরুর আগেই মানচিত্র নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক দুই দেশের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও আফগানিস্তানের ক্রমবর্ধমান রাজনৈতিক টানাপোড়েনকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।


