সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করায় কলিম উল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই সয়ফুল্লাহর বিরুদ্ধে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। স্থানীয়ভাবে বিচার-সালিশ করেও প্রতিকার না পেয়ে রবিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন কলিম উল্লাহ।

অভিযোগ পাওয়ার পর পুলিশ জুবেরকে আটকের জন্য হাওরের দিকে যায়। কলিম উল্লাহও পুলিশের সঙ্গে সেখানে রওনা হন। পথে পেছন থেকে সয়ফুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে কলিম উল্লাহর ওপর হামলা চালান বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সয়ফুল্লাহ পলাতক রয়েছেন। তাঁর ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেয়েকে ধর্ষণের অভিযোগের বিচার চাইতে গিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ধর্ষণের অভিযোগ এবং হত্যাকাণ্ড- দুই ঘটনারই সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

Share.
Leave A Reply

Exit mobile version