নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২৫০ বস্তা গম একটি পাখির খাবারের দোকানে নামানোর অভিযোগ উঠেছে। পরে পুলিশের উপস্থিতিতে ওই দোকান থেকে ৩৫০ বস্তা গম নিয়ে যাওয়ার ঘটনা দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটে শিমরাইল মাছবাজারসংলগ্ন মো. বাবুলের দোকানে। স্থানীয়দের দাবি, গত শনিবার রাতে একটি ট্রাক থেকে ২৫০ বস্তা গম দোকানে নামানো হয়। এসব গম নারায়ণগঞ্জ সাইলো থেকে নির্ধারিত সরকারি গুদামে যাওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, পরে সরকারি লোগোযুক্ত বস্তা থেকে গম বের করে অন্য বস্তায় ভরা হয়।

পরদিন দুপুরে সাইলোগেটের ঠিকাদার মো. খোরশেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি গম নিতে এলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আল মামুন কবিরের নেতৃত্বে পুলিশ সেখানে যায়। অভিযোগ অনুযায়ী, ২৫০ বস্তার পরিবর্তে ৩৫০ বস্তা গম নিয়ে যাওয়া হয়।

দোকানদার মো. বাবুল ২৫০ বস্তা সরকারি গম কেনার কথা স্বীকার করে বলেন, পরে ঠিকাদার খোরশেদ, এসআই আল মামুন কবিরসহ কয়েকজন এসে ৩৫০ বস্তা গম নিয়ে যান। তবে কেন ২৫০ বস্তার জায়গায় ৩৫০ বস্তা নেওয়া হলো, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।

এসআই আল মামুন কবির বলেন, তিনি গমের বৈধ ডিও দেখেছেন। কাগজপত্র সঠিক থাকায় গম থানায় না নিয়ে যার মাল তাঁকে দেওয়া হয়েছে। তবে সরকারি গম একটি বেসরকারি দোকানে কীভাবে গেল এবং ১০০ বস্তা অতিরিক্ত কোথা থেকে এলো- এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি।

ঘটনায় সরকারি খাদ্যশস্য পরিবহন ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। ২৫০ বস্তার পরিবর্তে ৩৫০ বস্তা গম নেওয়া এবং পুলিশের উপস্থিতিতে গম জব্দ না করে সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version