ফেসবুক-ইউটিউব-এক্সে আপত্তিকর পোস্ট, সাদা কাগজে সই, অন্যের নামে সিম-গাড়ি, অবৈধ ব্যবসা ও লেনদেন থেকে কঠোরভাবে দূরে থাকার নির্দেশ কনস্যুলেটের

জরুরি নির্দেশনা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে গুরুতর আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে- এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের আইন, শৃঙ্খলা বা প্রচলিত বিধিবিধানের পরিপন্থি কোনো পোস্ট, ভিডিও বা কনটেন্ট ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। শুধু পোস্ট করাই নয়, এ ধরনের কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

কোনো ধরনের কাগজপত্র ভালোভাবে না পড়ে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে কনস্যুলেট। বিশেষ করে সাদা কাগজে কোনো অবস্থাতেই স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তির নামে সিমকার্ড, গাড়ি বা অন্য কোনো সামগ্রী কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া এক জায়গা বা মালিকের ইকামা ব্যবহার করে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস কুড়িয়ে নিয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ড থেকেও কঠোরভাবে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছে কনস্যুলেট।

পরিচিত কিংবা অপরিচিত- কারও সঙ্গে অবৈধ লেনদেনে জড়ানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি চাকরি দেওয়ার নামে দেওয়া ভুয়া প্রলোভন ও প্রতারণামূলক প্রস্তাব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের আইন-কানুন মেনে চলার মাধ্যমে প্রবাসীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল রাখতে পারবেন।

প্রবাসীদের প্রতি কনস্যুলেটের স্পষ্ট বার্তা- সৌদি আরবে অবস্থানকালে দেশটির আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলুন এবং যেকোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ দূরে থাকুন।

Share.
Leave A Reply

Exit mobile version