ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি আরবকে এ যোগাযোগে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)- এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হামলার বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই রিয়াদের এই যোগাযোগের অন্যতম লক্ষ্য। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের হুমকি মোকাবিলায় প্রতিরোধমূলক পরিকল্পনা সাজাতে চায় সৌদি আরব।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুথি ইস্যুতে সেন্টকমের সহযোগিতা চেয়েছেন। সেই সহযোগিতার আওতায় ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা পাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে শুধু ইসরায়েল নয়, হুথিদের মোকাবিলায় মিসর ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা চেয়েছে সৌদি আরব।
এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, সেন্টকমের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরকারের কাছে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছে। সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হলে ইসরায়েল সরাসরি ওই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
দুটি সূত্রের বরাতে হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন- হুথি মোকাবিলায় ইসরায়েলের ভূমিকা যেন সামরিক অভিযানের পরিবর্তে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সৌদি আরবের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে হুথি ইস্যুকে ঘিরে নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরান-সমর্থিত হুথিদের মোকাবিলায় সৌদি আরব যদি ইসরায়েলসহ একাধিক দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে, তাহলে ইয়েমেনকেন্দ্রিক উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে।


