বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার চালান নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। খবর পেয়ে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‌্যাব।

রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানো হয়। অটোরিকশাটিতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাব সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগে ইয়াবা থাকার কথা তিনি স্বীকার করেন।

পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে ধারণা করা ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। এরপর রবিউল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version