সিরাজগঞ্জে তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে, দীর্ঘ সারিতে আটকে শত শত যানবাহন

সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা, হাইয়েস ও বাসচালকেরা। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক চালক গ্যাস পাওয়ার আশায় রাতের পর রাত নিজেদের গাড়ির ভেতরেই ঘুমিয়ে থাকছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ শহরের এ্যালবাট্রস এনার্জী সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের যানবাহন। কোনো চালক ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা, আবার কেউ ২৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।

এনায়েতপুর-বেলকুচি রোডের সিএনজিচালক বেল্লাল হোসেন হৃদয় জানান, বুধবার বেলা ১১টার দিকে গ্যাস নেওয়ার জন্য পাম্পে এসে সিরিয়াল দেন। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করেও তিনি গ্যাস পাননি। পাম্প কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, গ্যাস সরবরাহ না থাকায় তারা জ্বালানি দিতে পারছেন না।

রায়গঞ্জ উপজেলার ধানগড়া থেকে কাঠেরপুল রুটের চালক আমজাদ হোসেন দুল্লা বলেন, “২৭ ঘণ্টা ধরে গ্যাসের জন্য অপেক্ষা করছি। বাসা অনেক দূরে হওয়ায় রাতে সিএনজির ভেতরেই ঘুমিয়েছি। কিন্তু এখনো জানি না কখন গ্যাস পাব।”

শুধু সিএনজি চালকরাই নন, একই দুর্ভোগে পড়েছেন বাসচালকেরাও। বাসচালক জহুরুল ইসলাম বলেন, গ্যাসের জন্য আগের দিন এসে সিরিয়াল দিয়েও এখনো জ্বালানি পাননি। বাধ্য হয়ে রাতটি বাসের মধ্যেই কাটিয়েছেন।

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা একপর্যায়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট সড়কে অবস্থান করেও সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান হয়নি।

গ্যাসের জন্য এমন দীর্ঘ অপেক্ষার প্রভাব পড়েছে সড়ক পরিবহন ব্যবস্থাতেও। দীর্ঘ সময় যানবাহন পাম্পে আটকে থাকায় শহর ও আশপাশের বিভিন্ন রুটে সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। এতে যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে চালকদের আয় কমে যাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version