কুমিল্লায় কথিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর সঙ্গে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সভায় বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তথ্য দেওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলেও তিনি দাবি করেন।

এর জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অভিযোগকে তথ্যভিত্তিক করার আহ্বান জানিয়ে বলেন, “যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারণ হবে। এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়।”

নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আপনার বহু আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি।” পাশাপাশি তিনি বলেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনী কঠিন সংকটের মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনে সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিচারহীনতার অভিযোগও নাকচ করে পুলিশ সুপার বলেন, বিভিন্ন আলোচিত মামলায় রায় হয়েছে, অনেক আসামির সাজা হয়েছে এবং আরও বহু মামলার বিচার প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version