সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় মাদ্রাসা পরিচালনা নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা জাকির হোসেনসহ ৭৪ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।

রোববার তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসার উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে ইমাম হাসানকে প্রধান আসামি এবং বিএনপি নেতা জাকির হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি মাদ্রাসা ও সংলগ্ন মার্কেটে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। এ সময় তারা মাদ্রাসা ও মার্কেটের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। হামলায় আসবাবপত্র, দরজা-জানালা এবং প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাদী।

এদিকে মামলার পর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। মাদ্রাসা পরিচালনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Share.
Leave A Reply

Exit mobile version