সরকারি উন্নয়ন বরাদ্দের (এডিপি) অর্থে কেনা শিক্ষার্থীদের বাইসাইকেলে বিএনপি সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নামের ‘সৌজন্য’ স্টিকার লাগানোর ঘটনায় আলমডাঙ্গায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারি অর্থে কেনা সামগ্রীতে একজন জনপ্রতিনিধির নাম ব্যবহার করে প্রচারের উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে সংসদ সদস্য নিজে কিছু জানতেন না বলে দাবি করেছেন।

২০২৫-২৬ অর্থবছরের এডিপির চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ থেকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার কেনা হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আগে বাইসাইকেলের মাডগার্ডে লাগানো স্টিকার নিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। স্টিকারে লেখা ছিল- ‘শিক্ষা সহায়তা উপহার, এডিপির অর্থায়নে, সৌজন্যে মাসুদ পারভেজ, মাননীয় সংসদ সদস্য-৭৯, চুয়াডাঙ্গা-১।’

সরকারি বরাদ্দের অর্থে কেনা একটি সামগ্রী কীভাবে কোনো ব্যক্তির ‘সৌজন্য উপহার’ হিসেবে প্রচার করা হলো- এ প্রশ্নই এখন সামনে এসেছে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরে স্টিকারগুলো খুলে ফেলা হয়।

ঘটনাটি সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা, রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে বর্তমান বিএনপি সরকারের সময়ে সরকারি উন্নয়ন প্রকল্প ও বরাদ্দের অর্থকে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত প্রচারের বাইরে রাখার যে প্রত্যাশা তৈরি হয়েছে, এমন ঘটনা সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন স্থানীয়দের অনেকে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, উপজেলা পরিষদের সিএ জসিম উদ্দিন এবং সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে পরিচিত উপজেলা জামায়াতের এক নেতার সম্পৃক্ততায় স্টিকার লাগানো হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাইসাইকেল, ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার কেনার অর্থ এসেছে এডিপির অতিরিক্ত সরকারি বরাদ্দ থেকে। অর্থাৎ এগুলো কোনো ব্যক্তির নিজস্ব অর্থে কেনা উপহার নয়; জনগণের অর্থে বাস্তবায়িত সরকারি উন্নয়ন কর্মসূচির অংশ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগীরা।

Share.
Leave A Reply

Exit mobile version