অস্ত্রের মুখে জিম্মি ১৪ বছরের ছেলে, লুটের পর ভিডিও ধারণ করে হুমকি

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় ১৪ বছর বয়সী এক কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করে মা ও ছেলেকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতের আঁধারে সশস্ত্র কয়েকজন যুবক বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ১৪ বছর বয়সী কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বাইরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

এরপর দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে। লুটপাটের একপর্যায়ে কিশোরের সামনেই তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

পরিবারটির আরও অভিযোগ, অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মা ও ছেলেকে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনায় রাজিব নামে এক যুবককে আটক করেছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার সন্তানের নিরাপত্তা, চিকিৎসা এবং আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে এমন গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version