বিশ্বকাপের উত্তেজনার মাঝেই নেদারল্যান্ডস শিবিরে নেমে আসে এক গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি। দলের তারকা ফরোয়ার্ড কোডি গাকপোর জীবনে ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা। তার গর্ভবতী বান্ধবীর অনাগত সন্তানের মৃত্যু হয় গর্ভেই। সন্তানের জন্য আগেই রাখা হয়েছিল সুন্দর নাম ‘এলিজাহ রাফায়েল গাকপো’! কিন্তু পৃথিবীর আলো দেখার আগেই থেমে যায় সেই ছোট্ট জীবনের যাত্রা।
এই দুঃসংবাদ পৌঁছায় নেদারল্যান্ডস দলের ক্যাম্পে, মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। কোচ তাকে সাময়িকভাবে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন। সতীর্থরাও অনুরোধ করেন এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে। কিন্তু গাকপো সিদ্ধান্ত নেন ভিন্ন পথে। নকআউট ম্যাচের আগে তিনি দল ছাড়তে চাননি, থেকে যান দলের সঙ্গেই।
ব্যক্তিগত শোক বুকের ভেতর চেপে রেখেই তিনি মাঠে নামেন। ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে খেলেন এবং এক পর্যায়ে গোলও করেন। কিন্তু সেই গোলের পর দেখা যায় এক অন্যরকম দৃশ্য। উল্লাস নয়, তার চোখে জল, মুখে গভীর নীরবতা। যেন গোলের আনন্দও হার মানে ভেতরের বেদনার কাছে।
তবে ভাগ্যও ছিল নির্মম। টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। আর সেই বিদায়ের সঙ্গেই শেষ হয় গাকপোর স্বপ্নের পথচলাও।
ফুটবল ইতিহাসে এই ম্যাচ শুধু একটি পরাজয় নয়। এটি হয়ে থাকবে একজন মানুষের গভীর শোক, দায়িত্ববোধ এবং নীরব আত্মত্যাগের করুণ গল্প হিসেবে। ফুটবল যে এমনই!


