গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত তিনজনকে গুরুতর অবস্থায় প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাদ্রাসাবিষয়ক সম্পাদক ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই তিন নেতা মোটরসাইকেলে করে খেলনা গ্রামের পদ্মবিল এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।

হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর হামলাকারীরা ছাত্রশিবির নেতাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই ছাত্রলীগের সাবেক এক নেতার ফেসবুক পেজে মোটরসাইকেলে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে বলেও জানান ওসি।

ওসি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হতে পারে।”

তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। পুলিশ ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে।

এ ঘটনায় গোপালগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। আহত তিন নেতার ওপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

Exit mobile version