গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান টিটন মিয়া ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ছুটিতে শনিবার নিজ বাড়িতে আসেন টিটন। সন্ধ্যায় এলাকায় বিদ্যুৎ চলে গেলে তিনি বাড়িতে থাকা আইপিএস মেরামতের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে মাটিতে পড়ে যান তিনি।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version