গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য জঙ্গিদের বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) রাত থেকে দেশব্যাপী এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর দেশের প্রতিটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের টহল, মোবাইল পেট্রোলিং, চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করতে হবে। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে বেতার বার্তা (ওয়্যারলেস) এবং বিশেষ নির্দেশনার মাধ্যমে দেশের সব ইউনিট, জেলা পুলিশ ও রেঞ্জ কর্মকর্তাদের কাছে এই সতর্কবার্তা পৌঁছে দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version