নিউইয়র্কের ব্যস্ততম পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় এক নারী নিহত ও এক পুরুষ আহত হয়েছেন। এ ঘটনায় কথিত হামলাকারী ৪৯ বছর বয়সী এক নারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার আগে ওয়ান টাইমস স্কয়ারের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ওই নারী শপিং ব্যাগ থেকে দুটি ছুরি বের করে প্রথমে ৬৮ বছর বয়সী এক পুরুষকে এবং কয়েক সেকেন্ড পর ৩২ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে ওই নারী মারা যান। আহত পুরুষের অবস্থা স্থিতিশীল।

পুলিশ কয়েক মিনিট ধরে হামলাকারীকে ছুরি ফেলে দিতে বললেও তিনি সাড়া দেননি। টেজার ব্যবহার ব্যর্থ হওয়ার পর ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে গেলে দুই কর্মকর্তা তাকে গুলি করেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশের কাছে ওই নারীর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার আগের তথ্য ছিল। তবে এখন পর্যন্ত ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

এদিকে, চলতি বছর টাইমস স্কয়ারে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড। ঘটনার পর নিরাপত্তার কারণে সেভেন্থ অ্যাভিনিউয়ের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version