টাঙ্গাইলে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজা (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা গ্রামের বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে রক্তাক্ত অবস্থায় ছোরমান রেজাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কী কারণে এবং কারা ছোরমান রেজাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version