টানা বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে হালিশহর, কাতালগঞ্জ, হামজারবাগ, মুরাদপুর, বিবিরহাট, চকবাজার, কাপাসগোলা ও রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় মোট ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কোথাও হাঁটুসমান পানি জমেছে, কমেছে গণপরিবহন; বেড়েছে রিকশা ভাড়াও।
নিউমার্কেটের নুপুর মার্কেটের কয়েকটি দোকানে পানি ঢুকে বই ভিজে নষ্ট হয়েছে। এদিকে প্রতিবছর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প ও বিপুল অর্থ ব্যয়ের পরও একই এলাকাগুলো বারবার ডুবে যাওয়ায় প্রকল্পের কার্যকারিতা, বাস্তবায়ন ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।
তাদের দাবি, সাময়িকভাবে পানি সরানোর পরিবর্তে পানি নিষ্কাশনব্যবস্থার স্থায়ী সমাধান এবং প্রকল্পের অর্থ ব্যয় ও কাজের মান নিয়ে স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে হবে।


