ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতা’র অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগের প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে কিছু ছবি ও ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে হলে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি হল প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের নজরে আসে।
মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়ার পর বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিক্ষার্থীরা অভিযোগের বিষয়টি স্বীকার করেন। এরপর সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাদের হলের আসন বাতিল করা হয় এবং স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে অভিযুক্ত দুই শিক্ষার্থীর একজন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, তিনি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
ওই শিক্ষার্থী বলেন, তার রুমমেট বিগত কয়েক দিন ধরে তাকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় রুমমেট তাকে গোপালগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব নিয়েও প্রশ্ন করতেন। তার অভিযোগ, পরবর্তী সময়ে রুমমেটের মাধ্যমেই তার বিরুদ্ধে ছবি ও ভিডিওগুলো হল সংসদের জিএসের কাছে দেওয়া হয়।
যেসব ছবি ও ভিডিওকে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো তার রুমমেট ধারণ করেছেন। রুমমেটের সঙ্গে হল সংসদের জিএসের ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।


